দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পুলিশ প্রশাসন শিগগিরই ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তিনি বলেন, ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে, এমন অনেক পুলিশ কর্মকর্তাকে ইতিমধ্যে পরিবর্তন করা হয়েছে। পুলিশে আরও নিয়োগের প্রক্রিয়াও চলছে।
আজ দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে রহমতপুর–বাবুগঞ্জ–মুলাদী–হিজলা জেলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবেদীন বলেন, ইতিমধ্যে ৮ হাজার কনস্টেবল ও ১৪ হাজার উপপরিদর্শক (এসআই) নিয়োগ দেওয়া হয়েছে। আরও নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, কোনো চাঁদাবাজি চলতে দেওয়া হবে না। উচ্চপর্যায়ের কর্মকর্তাদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপির কোনো নেতা-কর্মী চাঁদাবাজিতে জড়িত থাকলেও তাঁকে ছাড় দেওয়া যাবে না।
মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে জয়নুল আবেদীন বলেন, আগামী তিন মাসের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে অগ্রগতি দেখাতে হবে। এ জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, আগের তুলনায় পরিস্থিতির উন্নতি হয়েছে।
এ সময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এমএস/